মালদা: মালদার মানিকচকে আধুনিক বাস ডিপো নির্মাণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
সেই লক্ষ্যে সোমবার প্রস্তাবিত ডিপোর জমি পরিদর্শন করেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল, পরিবহন দপ্তর এবং ভূমি বিভাগের আধিকারিকরা।
এদিন মানিকচকের মথুরাপুর এলাকায় দুটি সম্ভাব্য জমি প্রাথমিকভাবে পরিদর্শন করা হয়।
একটি নীলকুঠি সংলগ্ন এলাকায় ও অন্যটি জগন্নাথ মোড়ের কাছে।
প্রাথমিকভাবে জগন্নাথ মোড় সংলগ্ন প্রায় পাঁচ একর জমিকেই বাস ডিপো নির্মাণের জন্য উপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে।
আমবাগানের মধ্যে অবস্থিত ও মানিকচক রাজ্য সড়কের একেবারে পাশে হওয়ায় যোগাযোগের দিক থেকেও এই জায়গাটি সুবিধাজনক বলে মনে করছেন আধিকারিকরা।
বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল জানান, প্রায় পাঁচ একর জমির উপর একটি বৃহৎ বাস ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সেখানে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বাসের জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে।
তিনি বলেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।















































