মালদা: ব্রাউন সুগারকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হাসুয়ার কোপে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।
একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন মৃতের ভাই।
মঙ্গলবার সকালে মালদা জেলার কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আশরাফুল শেখ (৩২)।
গুরুতর আহত তাঁর ছোট ভাই সাদিকুল শেখ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী পিলু শেখ এলাকায় ব্রাউন সুগার বিক্রির সঙ্গে জড়িত।
মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ তিনি ফোন করে আশরাফুল ও সাদিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
এরপর ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়, আর গুরুতর জখম অবস্থায় সাদিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতের বাবা রাকিব শেখ জানান, ব্রাউন সুগার সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে তাঁদের সন্দেহ।
খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সাথে অভিযুক্ত পিলু শেখ পলাতক। তাকে গ্রেপ্তার করতে পুলিশ তল্লাশি শুরু করেছে।
ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।















































