জলপাইগুড়ি: দুর্গাপুজোর আগে বকেয়া বেতন ও বোনাস মেটানোর দাবিতে ফের সরব হলেন জলপাইগুড়ি পুরসভার চুক্তিভিত্তিক সাফাইকর্মীরা।
সোমবার সকালে পুরসভার মূল গেটে তালা ঝুলিয়ে ও সামনে আবর্জনার স্তূপ ফেলে বিক্ষোভ দেখান তাঁরা। আন্দোলনের জেরে বেশ কিছুক্ষণ পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের একাংশের বেতন বকেয়া রয়েছে।
একইসঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও দুর্গাপুজোর বোনাস নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুজোর আগে প্রাপ্য টাকা না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে বলে দাবি তাঁদের।
এদিন সকালে ট্রাক্টর ও অন্যান্য গাড়িতে করে আবর্জনা এনে পুরসভার প্রধান গেটের সামনে ফেলে দেন সাফাইকর্মীরা। এরপর গেটে তালা ঝুলিয়ে শুরু হয় বিক্ষোভ।
আন্দোলনকারীদের বক্তব্য, শহর পরিষ্কার রাখার দায়িত্ব পালন করলেও তাঁদেরই নিয়মিত বেতন পেতে সমস্যায় পড়তে হচ্ছে।
পুরসভার অন্যান্য কর্মী ও আধিকারিকদের বেতন নিয়মিত দেওয়া হলেও চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের ক্ষেত্রে কেন এই পরিস্থিতি, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
সাফাইকর্মীদের দাবি, দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। অথচ বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনা কবে মেটানো হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট আশ্বাস মেলেনি। নির্বাচিত পুরবোর্ড না থাকায় তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
গেটে তালা থাকায় পুরসভার কর্মী ও আধিকারিকদের একাংশের প্রবেশে সমস্যা তৈরি হয়। আন্দোলনের কারণে পুরসভার পরিষেবা ও প্রশাসনিক কাজকর্মেও প্রভাব পড়ে। পুজোর আগে বেতন ও বোনাসের দাবিতে এই বিক্ষোভকে ঘিরে জলপাইগুড়িতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
এখন বকেয়া বেতন ও পুজোর বোনাস সংক্রান্ত দাবিগুলি নিয়ে পুর কর্তৃপক্ষ ও প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর আন্দোলনকারীদের।















































