গরু পাচার বানচাল, ২২টি গরু উদ্ধার; তিন অভিযুক্ত গ্রেফতার, রিমান্ডের আবেদন পুলিশের!

মালদা: গরু পাচারের চক্রের বিরুদ্ধে সাফল্য পেল মালদার হবিবপুর থানার পুলিশ।

গভীর রাতে বুলবুলচণ্ডী ঘোড়া স্ট্যান্ড ও মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গরু বোঝাই দুটি পিকআপ ভ্যান আটক করা হয়।

দুটি গাড়ি থেকে মোট ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পিকআপ ভ্যান থেকে ১০টি গরু উদ্ধার করা হয়। ওই গাড়ির চালক ও এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়।

এরপর দ্বিতীয় পিকআপ ভ্যানটি পুলিশের নজর এড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মনোহরপুর এলাকা থেকে সেটিকে আটক করা হয়।

ওই গাড়ি থেকে আরও ১২টি গরু উদ্ধার হয়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয় ও চালককে গ্রেফতার করা হয়।

ধৃতরা, ফিটু শেখ (মৌজমপুর, কালিয়াচক থানা), জামিরুল শেখ (কুমারপুর, ইংলিশবাজার থানা) ও ওসমান আলী (কমলাবাড়ি, ইংলিশবাজার থানা)।

মঙ্গলবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে তোলা হয়।

তদন্তের স্বার্থে অভিযুক্তদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে (রিমান্ডে) নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here