হাওড়া: নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বড়সড় সাফল্য পেল হাওড়া স্টেশন মেট্রোর নিরাপত্তারক্ষীরা।
ব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক বস্তু ধরা পড়ায় এক যাত্রীকে আটক করা হয়।
পরে তাঁর ব্যাগ থেকে প্রায় ৬ কেজি রুপোর বাট উদ্ধার হয়।
ঘটনায় অতনু পাত্র নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অতনু পাত্র দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হাতোর এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া রুপোর বাটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ রুপোর বাটগুলির বৈধ নথি, উৎস ও সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে।
মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পেছনে কোনও বড় চক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।















































