শিলিগুড়ি পুরনিগমে বাড়ল ওয়ার্ড সংখ্যা, ৬৩ ওয়ার্ড নির্ধারণ রাজ্যের!

শিলিগুড়ি: আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড সংখ্যা নির্ধারণ করল রাজ্য সরকার।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে শিলিগুড়ি পুরনিগমের জন্য ৬৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ২০০৬-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপালের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক পরিস্থিতি, ঐতিহাসিক গুরুত্ব সহ এলাকার অর্থনৈতিক পরিস্থিতির মতো বিষয়গুলি বিবেচনা করে ওয়ার্ড সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিলিগুড়ি পুরনিগমে ৬৩টি ওয়ার্ড থাকবে। পাশাপাশি দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৫৩টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি রাজ্য নির্বাচন কমিশন, দার্জিলিং ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক, ডিরেক্টর অফ লোকাল বডিজ সহ শিলিগুড়ি ও দুর্গাপুর পুরনিগমের কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে।

ওয়ার্ড সংখ্যা নির্ধারণের এই সরকারি বিজ্ঞপ্তিকে ঘিরে শিলিগুড়িতে পুরনির্বাচনের প্রস্তুতি আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here