চোপড়া: এলাকার বেহাল রাস্তাঘাটের সংস্কার, বাজার এলাকার অস্বাস্থ্যকর পরিবেশ দূর করা-সহ একাধিক দাবিতে সরব হলেন হিন্দু জাগরণ মঞ্চের মহিলা সদস্যরা।
মঙ্গলবার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা।
এদিন পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভও প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
পাশাপাশি, সোনাপুর হাট ও বাজার এলাকায় যত্রতত্র মাছের বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে নাজেহাল সাধারণ মানুষ।
তাঁদের দাবির মধ্যে রয়েছে রাস্তার উপর মাছ বিক্রি সম্পূর্ণ বন্ধ করে নির্ধারিত বাজারের ভিতরে বিক্রির ব্যবস্থা করা, মন্দির সংলগ্ন রাস্তা মাছের বর্জ্য ও নোংরা থেকে মুক্ত রাখা, বাজার এলাকায় মহিলাদের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ও ভাঙাচোরা রাস্তাগুলির দ্রুত সংস্কার।
এদিন স্মারকলিপি জমা দিতে এসে পঞ্চায়েত প্রধানের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না।
ফলে সাধারণ মানুষকে বিভিন্ন প্রয়োজনীয় কাজ ও নথিতে স্বাক্ষরের জন্য বারবার পঞ্চায়েতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, প্রধান যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত।
শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় কার্যালয়ে উপস্থিত কর্মীদের হাতেই ৬ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন হিন্দু জাগরণ মঞ্চের মহিলা সদস্যরা।















































