শিলিগুড়ি: সামাজিক মাধ্যমে বিদেশে মডেলিংয়ের সুযোগের প্রলোভনে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল মালদা জেলার দুই নাবালিকা।
তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশের তৎপরতায় শিলিগুড়ি থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বর্তমানে পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুই নাবালিকাই মালদা জেলার বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
অভিযোগ, সামাজিক মাধ্যমে কয়েকজনের সঙ্গে পরিচয়ের পর দক্ষিণ কোরিয়ায় মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের শিলিগুড়িতে আসতে বলা হয়।
সেই প্রলোভনেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা।
দুই নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন।
তদন্তে পুলিশ জানতে পারে, তারা বাসে করে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছে ও তেনজিং নোরগে বাস টার্মিনালে কয়েকজনের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।
এরপর এনজেপি থানার পুলিশ নৌকাঘাট এলাকায় বাসে উঠে নজরদারি চালায়।
পরে জলপাইমোড় এলাকায় বাস থেকে নিরাপদে দুই নাবালিকাকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা থানায় পৌঁছে যান।
ঘটনার খবর পেয়ে বিজেপি নেত্রী তথা ইংরেজবাজার বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী থানায় যান।
তিনি দুই নাবালিকার সঙ্গে কথা বলেন ও পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
সংবাদমাধ্যমকে তিনি জানান, সময়মতো প্রশাসনের উদ্যোগে একটি সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
তবে তদন্ত চলায় এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয় বলেও তিনি জানান।
পুলিশের দাবি, সামাজিক মাধ্যমে কারা ওই দুই নাবালিকার সঙ্গে যোগাযোগ করেছিল, বিদেশে মডেলিংয়ের প্রলোভনের আড়ালে কোনও সংঘবদ্ধ মানবপাচার চক্র সক্রিয় রয়েছে কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।















































