তিস্তা-তোর্ষা-সহ পাহাড়ি নদীর বন্যা মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি, পরিকল্পিত শহর সম্প্রসারণেও নজর!

শিলিগুড়ি: দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে তিস্তা, তোর্ষা-সহ পাহাড়ি নদীগুলির বারবার বন্যার ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্য সরকার।

পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল এলাকা চিহ্নিত করার বিষয়টিও খতিয়ে দেখবে এই কমিটি।

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, গত ৩১ আগস্ট মুখ্যমন্ত্রী সুদেন্দু অধিকারীকে চিঠি দিয়ে পাহাড়ি এলাকায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।

হিমবাহ-উদ্ভূত হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস সহ দীর্ঘদিনের পুরনো ও অতিরিক্ত চাপযুক্ত নিকাশি ব্যবস্থা পাহাড়ি শহরগুলির ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।

UD&MA দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশিষ্ট পর্বত বিশেষজ্ঞ ও পদ্মশ্রী প্রাপক ড. একলব্য শর্মার নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি।

দার্জিলিং ও কালিম্পংয়ের জেলাশাসকরা কমিটির সদস্য-আহ্বায়ক হিসেবে থাকবেন।

কমিটিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, UD&MA, পরিবেশ, বন সহ সেচ ও জলপথ দফতরের প্রতিনিধিদের রাখা হয়েছে।

এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়্গপুর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও IIEST শিবপুরের গবেষক ও বিশেষজ্ঞদেরও কমিটির কাজে যুক্ত করা হবে।

বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি ও প্রশমন পরিকল্পনা তৈরি করা হবে।

পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকের পরিকল্পিত সম্প্রসারণের জন্য পৃথক কর্মপরিকল্পনা তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

ভবিষ্যতে কোথায় নিরাপদে উন্নয়ন ও নির্মাণকাজ করা সম্ভব, সেই বিষয়ে ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল এলাকাগুলিও চিহ্নিত করবে কমিটি।

রাজু বিস্তা মুখ্যমন্ত্রীকে তাঁর প্রস্তাব বিবেচনা করে এই কমিটি গঠনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here