STF ও পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২, আটক ট্রাক!

শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF ও ভোরের আলো থানার অধীন গাজলডোবা ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ৫২ কেজি গাঁজা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত একটি চারচাকা ট্রাক আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজলডোবা হয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা করা হচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে।

সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকেই গাজলডোবা এলাকায় নজরদারি শুরু করেন STF ও গাজলডোবা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এরপর সন্দেহজনক একটি চারচাকা ট্রাক আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। চালকের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করায় ট্রাকটিতে তল্লাশি চালান আধিকারিকরা।

তল্লাশির সময় ট্রাকের ভিতর থেকে একের পর এক প্যাকেট উদ্ধার হয়। সেগুলি খুলতেই বেরিয়ে আসে গাঁজা। সব মিলিয়ে প্রায় ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজাগুলি কোচবিহার থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কোচবিহার জেলার বাসিন্দা দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও।

এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার উৎস ও পাচারের নেটওয়ার্কের সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here