শিলিগুড়ি: দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে প্রায় এক হাজার একর জমির ওপর বেঙ্গল সাফারির আদলে একটি আধুনিক জু ও টাইগার সাফারি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও।
বুধবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা করেন।
বনমন্ত্রী জানান, ঝাড়গ্রামের নতুন সাফারি পার্কে প্রয়োজনীয় বাঘ-সহ অন্যান্য বন্যপ্রাণী শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকেই সরবরাহ করা হবে।
এর ফলে দক্ষিণবঙ্গে বন্যপ্রাণ পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এছাড়াও পর্যটকদের আকর্ষণ বাড়াতে সম্প্রতি বেঙ্গল সাফারিতে আনা সিংহগুলিকে খুব শীঘ্রই তাদের নির্দিষ্ট এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনমন্ত্রী।
বন দপ্তরের কর্মীসংকটের বিষয়েও তিনি মন্তব্য করেন।
দপ্তরের বিভিন্ন শূন্যপদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
ঝাড়গ্রামে প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন ও বন্যপ্রাণ সংরক্ষণ উভয় ক্ষেত্রেই তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।















































