কলকাতা ও শিলিগুড়ি: এক সপ্তাহের মধ্যেই ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
তেল কোম্পানিগুলির ঘোষণা অনুযায়ী, এবার প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা ও ডিজেলের দাম ৯১ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাজধানী দিল্লিতে বর্তমানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৯৮.৬৪ টাকা ও ডিজেলের দাম ৯১.৫৮ টাকা।
এর আগে দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছিল ৯৪.৭৭ টাকা ও ডিজেল ৮৭.৬৭ টাকায়।
কলকাতাতেও জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি হয়েছে। নতুন দরে শহরে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৯.৭০ টাকায় ও ডিজেলের দাম হয়েছে ৯৬.০৭ টাকা।
একইভাবে মুম্বাই ও চেন্নাইতেও পেট্রোল-ডিজেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবারও পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
গত চার বছরে সেটিই ছিল প্রথম বড় মূল্যবৃদ্ধি। তার কয়েকদিনের মধ্যেই ফের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এই আবহে প্রধানমন্ত্রী দেশবাসীকে জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন।
তাঁর আবেদনের পর কয়েকটি রাজ্য সরকার ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালুর কথাও ভাবছে বলে সূত্রের খবর।
এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন।
পাশাপাশি শিলিগুড়িতে ভারতীয় কমিউনিস্ট পার্টি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার এক বিক্ষোভ মিছিল করে এই মিছিলটি অনেক বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে হিলকার রোড পরিক্রমা করে ফের দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেয় বাম বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য সহ একাধিক বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
উল্লেখ্য, জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
বিরোধীদের দাবি, এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।














































