ইসকন ভক্ত ও যাত্রীদের যাতায়াতে মিলবে বাড়তি সুবিধা, পরিষেবার উদ্বোধনে পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন
শিলিগুড়ি: উত্তরবঙ্গের সঙ্গে নদিয়ার মায়াপুরের যোগাযোগ আরও সুগম করতে চালু হল নতুন সরকারি বাস পরিষেবা।
শিলিগুড়ির ইসকন মন্দির থেকে সরাসরি মায়াপুর পর্যন্ত এই বাস পরিষেবা চালু হওয়ায় এবার থেকে ইসকন ভক্ত, তীর্থযাত্রী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
নতুন এই বাস পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের ইসকনের জনসংযোগ আধিকারিক (PRO) কৃষ্ণ দাস-সহ প্রশাসন ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিক ও ইসকন মন্দিরের প্রতিনিধিরা।
এতদিন শিলিগুড়ি থেকে মায়াপুর যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের বিভিন্ন পরিবহনের উপর নির্ভর করতে হত।
বিশেষ করে মায়াপুরে ধর্মীয় অনুষ্ঠান, পুজো-পার্বণ ও বিভিন্ন উৎসবে যোগ দিতে যাওয়া ভক্তদের জন্য সরাসরি বাস পরিষেবার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।
নতুন এই উদ্যোগ সেই যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে বলে আশা করা হচ্ছে।
শিলিগুড়ির ইসকন মন্দিরকে কেন্দ্র করে এই পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার ভক্তদেরও উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ধর্মীয় পর্যটন ও দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতেও এই সরকারি বাস পরিষেবা বিশেষ ভূমিকা নিতে পারে।
নতুন এই পরিষেবা চালুর ফলে শিলিগুড়ি থেকে মায়াপুর যাত্রার ক্ষেত্রে সরকারি পরিবহণ ব্যবস্থায় যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ।














































