বৃষ্টি থামলেও কাটছে না দুর্ভোগ, জলবন্দি পরিবার – নিকাশির অভাবে ক্ষোভ গ্রামবাসীদের!

রাজগঞ্জ: টানা বর্ষণের জেরে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান দাসপাড়া এলাকায় জলবন্দি হয়ে পড়েছেন বহু পরিবার।

বাড়ির উঠোন পেরিয়ে জল ঢুকে পড়েছে ঘরের ভিতরেও।

শোবার ঘর, রান্নাঘর সবই এখন হাঁটুজলে ডুবে থাকায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশু ও প্রবীণদের উপর।

বাড়িতে রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম প্রায় অচল হয়ে পড়েছে।

অনেক পরিবার নিরাপদ স্থানে জিনিসপত্র সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন।

এদিকে, এলাকার আইসিডিএস কেন্দ্রেও জল ঢুকে চাল, ডাল ও অন্যান্য খাদ্যসামগ্রী নষ্ট হয়েছে বলে জানা গেছে।

এর ফলে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার পুনরাবৃত্তি হয়।

দীর্ঘদিন ধরে উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়।

বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি তাঁদের।

গ্রামবাসীরা দ্রুত কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তুলে জলনিকাশির স্থায়ী সমাধান করার দাবি জানিয়েছেন, যাতে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here