চোপড়া, উত্তর দিনাজপুর:
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হল রাজ্য সরকার।
উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে প্রায় ২ হাজার ত্রিপল।
শুক্রবার সকালে চোপড়ার কলোনি এলাকায় বিধায়ক হামিদুল রহমানের বাসভবনে এই ত্রিপল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চোপড়ার বিস্তীর্ণ এলাকায় জল জমে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাথার উপর সাময়িক ছাউনি তৈরির জন্য ত্রিপলের চাহিদা বেড়ে যাওয়ায় সকাল থেকেই বিধায়কের বাসভবনে ভিড় করেন শতাধিক দুর্গত মানুষ।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ত্রিপল সংগ্রহ করতে দেখা যায় এলাকাবাসীকে।
এদিন বিধায়ক হামিদুল রহমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরকার দ্রুত এই ত্রিপল পাঠিয়েছে।
এতে বহু গরিব ও ক্ষতিগ্রস্ত পরিবার উপকৃত হবেন।
তবে তিনি স্বীকার করেন, চোপড়ার প্রকৃত চাহিদার তুলনায় ২ হাজার ত্রিপল যথেষ্ট নয়।
বিধায়ক জানান, চোপড়া ব্লকের ৮ থেকে ১০টি অঞ্চলের সমস্ত অভাবী মানুষের কাছে ত্রিপল পৌঁছে দিতে আরও বরাদ্দের প্রয়োজন রয়েছে।
সেই লক্ষ্যে তিনি শীঘ্রই জেলাশাসক ও মহকুমা শাসকের সঙ্গে কথা বলে অতিরিক্ত ত্রিপলের ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।















































