৮০ বছরের ঐতিহ্য, প্রজন্মের হাত ধরে আজও অটুট আমবাড়ি ফালাকাটা চন্দ বাড়ির রথযাত্রা!

রাজগঞ্জ: সময় বদলেছে, বদলেছে প্রজন্মও। কিন্তু বদলায়নি ঐতিহ্য।

প্রায় আট দশক আগে যে রথযাত্রার সূচনা করেছিলেন প্রয়াত রাখাল চন্দ, সেই ধারাবাহিকতা আজও অটুট রয়েছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা চন্দ বাড়িতে।

এ বছর ৮০তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী রথযাত্রা।

রথযাত্রার পবিত্র তিথিতে শাস্ত্রবিধি মেনে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো অর্চনার পর দেববিগ্রহকে রথে প্রতিষ্ঠা করা হয়।

এরপর ভক্তদের হরিনাম সংকীর্তন ও জয়ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা।

সকাল থেকেই চন্দ বাড়িতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বহু নারী-পুরুষ পুজোয় অংশ নেন।

চন্দ পরিবারের সদস্যরা জানান, প্রতিষ্ঠাতা রাখাল চন্দের মৃত্যুর পর তাঁর দুই পুত্র সুনিল চন্দ ও দেবেশ চন্দ এই ঐতিহ্যের দায়িত্ব গ্রহণ করেন।

বর্তমানে পরিবারের নতুন প্রজন্ম সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।

পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর একই নিয়ম ও আচার মেনে রথযাত্রার আয়োজন করা হয়।

বিকেলে রথটি আমবাড়ি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে।

শোভাযাত্রায় অংশ নেবেন চন্দ পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও অসংখ্য ভক্ত।

বছরের পর বছর ধরে এই রথযাত্রা শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, বরং রাজগঞ্জের আমবাড়ি অঞ্চলের অন্যতম ধর্মীয় ও সামাজিক মিলনোৎসবে পরিণত হয়েছে।

৮০ বছরের এই ঐতিহ্যকে ঘিরে এদিন উৎসবের আবহে মেতে ওঠে গোটা এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here