জলপাইগুড়ি: জেলায় আগামী এক মাস ধরে চলতে থাকা ‘সেবা সংকল্প অভিযান’-এর বিভিন্ন কর্মসূচির রূপরেখা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শরদ কুমার দ্বিবেদী।
বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে সরাসরি জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে যান স্বাস্থ্য সচিব।
সেখানে জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য পদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
আগামী এক মাস ধরে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় জেলায় কী কী কর্মসূচি নেওয়া হয়েছে ও সেগুলির প্রস্তুতি কতটা এগিয়েছে, মূলত সেই বিষয়গুলিই বৈঠকে খতিয়ে দেখা হয়।
রক্তদান শিবির, স্কুলস্তরে বিশেষ কর্মসূচি-সহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য সচিব।
এই প্রসঙ্গে জলপাইগুড়ির জেলা শাসক অদিতি চৌধুরী বলেন, “সেবা সংকল্প অভিযান শুরু হয়েছে ও এক মাস ধরে চলবে।
এর মধ্যে রক্তদান শিবির থেকে শুরু করে স্কুলস্তরে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
সেই বিষয়গুলি নিয়েই আজ স্বাস্থ্য সচিবের কাছ থেকে বিশেষ দিকনির্দেশ দেওয়া হয়েছে।”















































