আন্তর্জাতিক পাওয়ারলিফটিংয়ে সোনা মধুরার, জলপাইগুড়ির গর্ব কৃতি কন্যা!

জলপাইগুড়ি: আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে সাফল্যের নজির গড়লেন জলপাইগুড়ির কৃতি কন্যা মধুরা কর।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক থেকে শুরু করে প্রতিবেশী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রী মধুরা এর আগেও আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাফল্য অর্জন করেছেন।

চলতি বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি।

এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। অল্প বয়সেই আন্তর্জাতিক স্তরে এই সাফল্য জলপাইগুড়ির ক্রীড়ামহলে নতুন করে আলোড়ন তৈরি করেছে।

শুধু আন্তর্জাতিক স্তরেই নয়, জাতীয় স্তরেও মধুরার সাফল্যের তালিকা যথেষ্ট দীর্ঘ।

২০২৪ সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। ২০২৫ সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত একই প্রতিযোগিতাতেও শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন।

এছাড়াও চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার আরও একবার প্রমাণ দিয়েছেন মধুরা।

একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে ইতিমধ্যেই ক্রীড়ামহলের নজর কেড়েছেন এই তরুণী। তাঁর এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাঁকে আরও বড় মঞ্চে পৌঁছে দেবে এমনটাই আশা পরিবার, প্রশিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here