অস্ত্র পাচারের আগেই পুলিশের জালে দুই কারবারী!

অটোযাত্রী সেজে পাচারের ছক, উদ্ধার ১০টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড কার্তুজ

সামশেরগঞ্জ: উপনির্বাচনের আগে মুর্শিদাবাদে বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের তারানগর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে দুই সন্দেহভাজন আগ্নেয়াস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশের দাবি, অটোযাত্রী সেজে অস্ত্র পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল তারা।

ধৃতদের নাম বিশ্বজিৎ মণ্ডল ও অক্ষয় মণ্ডল। দু’জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়।

তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র সহ ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, মালদার দিক থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে সামশেরগঞ্জে এসে হাতবদলের পরিকল্পনা ছিল ধৃতদের।

তবে তার আগেই পুলিশের অভিযানে ধরা পড়ে যায় তারা।

এই অস্ত্র পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত, কোথা থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল ও কোথায় সেগুলি সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই আগ্নেয়াস্ত্র পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে।

ধৃত দু’জনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের দাবি, ঝাড়খণ্ড ও মালদা থেকে আগ্নেয়াস্ত্র এনে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার সঙ্গে এই চক্রের যোগ রয়েছে।

ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে চক্রের মূলচক্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে।

আগামী ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।

মনোনয়ন পর্বের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

কয়েক দিন আগেই বিধানসভা সংলগ্ন এলাকায় মজুত বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই পরিস্থিতিতে উপনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই প্রায় ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশি নজরদারি সত্ত্বেও ঝাড়খণ্ড ও মালদা সীমান্ত দিয়ে রেল, সড়ক ও নদীপথে কীভাবে আগ্নেয়াস্ত্র জেলায় ঢুকছে, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।

ধৃত দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here