শিলিগুড়ি: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরকন্যা সফরকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা-র রং বদলের কাজ জোরকদমে চলছে।
সরকার পরিবর্তনের পর এবার ভবনের বাহ্যিক রূপে পরিবর্তন আনা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামীকাল উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সেই বৈঠকের আগে তড়িঘড়ি ভবনের রং করার কাজ শুরু হয়েছে।
ভবনের বিভিন্ন অংশে রংয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। উত্তরকন্যা চত্বর পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্যায়ন ও প্রয়োজনীয় প্রস্তুতির কাজও চলছে সমান তালে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তরকন্যা।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে সীমান্ত নিরাপত্তা, উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান।















































