জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পাওয়া ১৫ বছরের রাইফেল শ্যুটার দময়ন্তী সেন রহস্যজনকভাবে নিখোঁজ, তদন্তে পুলিশ!

হাওড়া: জাতীয় স্তরে রাইফেল শ্যুটিংয়ে সাফল্যের স্বপ্ন দেখা ১৫ বছরের প্রতিভাবান শ্যুটার দময়ন্তী সেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়।

মধ্য হাওড়ার ৩০/২, উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী বাড়ি থেকে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি।

পরিবারের দাবি, অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান মেলেনি।

শেষবার তাকে হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল বলে জানা গেছে। এরপর থেকেই তার খোঁজ মিলছে না।

দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন, পেশায় একজন শিক্ষক।

তিনি জানান, তার মেয়ে সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে ও রাইফেল শ্যুটিংয়ে ধারাবাহিকভাবে ভালো সাফল্য অর্জন করেছে।

প্রতিদিন ভোরে তার নিয়মিত অনুশীলন থাকে। বৃহস্পতিবার রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। পরিবারের কাছে তার মোবাইল ফোনও ছিল।

বাড়িতে কোনও অশান্তি বা পারিবারিক সমস্যাও ছিল না।

তাই হঠাৎ করে কী কারণে সে নিখোঁজ হলো, তা নিয়ে পরিবার সম্পূর্ণ দিশেহারা।

ঘটনার পর হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

পরিবারের সদস্যরা সামাজিক মাধ্যমেও দময়ন্তীর ছবি ও তথ্য প্রকাশ করে খোঁজ চেয়েছেন।

গোটা পরিবার, আত্মীয়-স্বজন সহ তার সতীর্থরা গভীর উদ্বেগে রয়েছেন।

ইতিমধ্যে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে ও হাওড়া স্টেশন-সহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here