অল্পের জন্য রক্ষা পড়ুয়ারা
পশ্চিম মেদিনীপুর: দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে ভেঙে গেল একটি টোটো।
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল টোটোতে থাকা পড়ুয়ারা।
সোমবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেশ কয়েকজন পড়ুয়াকে টোটোতে করে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাস্তায় একটি দলছুট দাঁতাল হাতিকে দেখতে পান টোটোচালক।
বিপদ বুঝতে পেরে দ্রুত টোটো থামিয়ে পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে দেন তিনি।
এরপরই টোটোটির দিকে এগিয়ে এসে হামলা চালায় হাতিটি। হাতির হামলায় টোটোটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে চালকের তৎপরতায় পড়ুয়ারা সময়মতো নিরাপদে সরে যেতে সক্ষম হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ফলে লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে মঙ্গলপাড়ার বাসিন্দাদের মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে বনদপ্তর।















































