হাওড়া: একসময় একুশে জুলাই মানেই হাওড়া স্টেশন ও ফেরিঘাট এলাকায় থাকত উৎসবের আবহ।
বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ট্রেনে এসে হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটের লঞ্চ ধরে কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতেন।
স্টেশন চত্বর জুড়ে উড়ত দলীয় পতাকা, বাজতো লাউডস্পিকার, আর আগত প্রতিনিধিদের স্বাগত জানাতে তৈরি থাকত অভ্যর্থনা মঞ্চ।
পাশাপাশি খাওয়া-দাওয়া সহ বিভিন্ন পরিষেবারও ব্যবস্থা থাকত।
তবে রাজ্যে পালাবদলের পর এ বছরের একুশে জুলাইয়ে সেই চেনা ছবির সম্পূর্ণ বিপরীত দৃশ্য ধরা পড়ল।
সোমবার সকাল আটটা পেরিয়ে গেলেও হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বরে দেখা যায়নি বিভিন্ন জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের ভিড়।
ছিল না কোনো মিছিল, দলীয় পতাকা বা লাউডস্পিকারের শব্দ। অনুপস্থিত ছিল হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের অভ্যর্থনা মঞ্চও।
প্রতিবছর যে এলাকা একুশে জুলাই উপলক্ষে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকত, এদিন সেখানে ছিল কার্যত শুনশান পরিবেশ।
স্টেশন ও ফেরিঘাট চত্বরে দলীয় নেতা- কর্মীদের উপস্থিতিও ছিল না বললেই চলে।
একসময়ের জনসমুদ্রের সেই পরিচিত দৃশ্যের পরিবর্তে এদিনের নীরবতা রাজনৈতিক পালাবদলের পর নতুন বাস্তবতারই ইঙ্গিত দিচ্ছে।















































