সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ও ধস!মিথেন গ্যাসের জেরে মৃত্যু ৭ শ্রমিকের, আটকে বহুজন!

সিকিম: সিকিমের নামচি জেলায় এনএইচপিসি (NHPC)-র তিস্তা স্টেজ–৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ও ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত মিথেন গ্যাসের জেরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

সুড়ঙ্গের গভীরে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং সংস্থার তত্ত্বাবধানে নির্মীয়মাণ এডিআইটি সুড়ঙ্গের প্রায় দেড় কিলোমিটার গভীরে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ মিথেন গ্যাস জমে ছিল।

সেই গ্যাস বাইরে বের করার কাজ চলাকালীন আচমকাই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের জেরে সুড়ঙ্গের ভিতরে ও বাইরের পাহাড়ি অংশে ব্যাপক ধস নামে।

টানেলের মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিকভাবে কয়েকজন শ্রমিক প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও, প্রায় ২৭ জন কর্মী সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন বলে জানা গেছে।

এখনও পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতদেহগুলি গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল ও নামচি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গের ভেতরে ছড়িয়ে থাকা বিষাক্ত মিথেন গ্যাস।

এর প্রভাবে উদ্ধারকারী দলের সদস্যদেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় এসডিআরএফ, এনডিআরএফ, সিকিম পুলিশ, দমকল, স্বাস্থ্য দফতর ও সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও রাজ্য সরকার।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধার ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here