মদ্যপানের অভিযোগে কুড়োল দিয়ে সরকারি কালভার্ট ভাঙার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, ফেসবুকে লাইভ!

ইসলামপুর: কালভার্টে বসে প্রতিদিন মদ্যপান করা হয় এমন অভিযোগ তুলে কুড়োল দিয়ে সরকারি কালভার্ট ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে।

গোটা ঘটনার ভিডিও নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারও করেন ওই ব্যক্তি।

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজ মোড় সংলগ্ন নতুনপাড়া এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে বিষ্ণু গুহ ওরফে বুবাই নামে এক বিজেপি কর্মী কুড়োল নিয়ে ওই কালভার্টটি ভাঙতে শুরু করেন।

তাঁর দাবি, কালভার্টে বসে নিয়মিত মদ্যপান করার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। সেই কারণেই তিনি কালভার্টটি ভেঙে দেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, কালভার্ট নিয়ে কোনও সমস্যা থাকলে প্রশাসনকে জানানো যেত।

কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার কারও নেই।

ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন তাঁরা।

এদিকে দলের কর্মীর এই কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিজেপি বুথ সভাপতিও।

তাঁর দাবি, ওই কর্মী ভুল করেছেন। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here