নামচি, সিকিম: সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সামারডুং এলাকায় এনএইচপিসি-র তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)-এর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার পরিস্থিতি ও চলমান উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
একইসঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস সিকিমবাসীকে এই কঠিন সময়ে মানসিক শক্তি ও ভরসা জুগিয়েছে।
বর্তমানে এনডিআরএফ, এসডিআরএফ, এসএসডিএমএ, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ, রংপো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দল সাথে স্থানীয় বাসিন্দারা সমন্বিতভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
প্রেম সিং তামাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সঙ্কটের এই সময়ে কেন্দ্র সরকারের পাশে থাকার আশ্বাস ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ সিকিমবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশ্বাসব্যঞ্জক।















































