শিলিগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পাথরঘাটা এলাকার বৃন্দাবন নগরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৫৯২ গ্রাম মাদক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা দার্জিলিং জেলার জোরবাংলো এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই ভাড়া বাড়ি থেকে মাদক কারবার চলছিল বলে সন্দেহ ছিল।
সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত ও মাদক কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এই ঘটনায় বৃহত্তর মাদক পাচার চক্রের হদিস মিলতে পারে বলে পুলিশের অনুমান।















































