কার্শিয়াং: দার্জিলিং চায়ের হারানো গৌরব ফিরিয়ে আনা ও সামগ্রিকভাবে চা শিল্পের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।
কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী মকাইবাড়ি চা বাগানের টি রিসর্টে চা শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি।
চা উৎপাদক, রপ্তানিকারক, ক্ষুদ্র চা চাষি থেকে শুরু করে চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি তাঁদের সঙ্গে ‘চায় পে চর্চা’য় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়েল জানান, চা শিল্পের সঙ্গে যুক্ত সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
তাঁদের দেওয়া পরামর্শের ভিত্তিতে টি বোর্ডের মাধ্যমে বেশ কিছু তাৎক্ষণিক সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা চাষিরা যাতে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, তা নিশ্চিত করতে নিলাম ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিতও দেন তিনি।
তাঁর দাবি, চায়ের ডাস্টের ১০০ শতাংশ নিলাম বাধ্যতামূলক হওয়ার পর থেকেই উৎপাদকরা তুলনামূলক ভালো দাম পাচ্ছেন।
পুরনো চা গাছের পরিবর্তে নতুন চারা রোপণ ও বাগানগুলির উৎপাদন ক্ষমতা ফিরিয়ে আনতে একটি নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী।
পাশাপাশি চা শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য ‘প্রধানমন্ত্রী চায় শ্রমিক উৎসাহ যোজনা’র আওতায় প্রায় ৩১২ কোটি টাকা ব্যয়ের ঘোষণা করেন তিনি।
এই প্রসঙ্গে পূর্ববর্তী রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পীযূষ গোয়েল।
তাঁর বক্তব্য, কয়েক বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করলেও পরবর্তী আড়াই থেকে তিন বছর পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে কোনও আলোচনা করেনি।
ফলে অসমের চা শ্রমিকরা প্রকল্পের সুবিধা পেলেও বাংলার শ্রমিকরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চায়ের ব্র্যান্ডের মর্যাদা বজায় রাখা ও তার পরিচিতি আরও বাড়ানোর বিষয়েও চা বাগান মালিকদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।
দার্জিলিং চায়ের নামে নেপালের চা মিশিয়ে দেওয়া কিংবা নকল চা বিক্রির অভিযোগ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ডুয়ার্স, তরাই ও পাহাড়ের বন্ধ ও পরিত্যক্ত চা বাগানগুলির পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এ ধরনের নির্দিষ্ট কোনও অভিযোগ তাঁর কাছে এলে তা খতিয়ে দেখা হবে।














































