শিলিগুড়ি: একদিকে সরকারি প্রকল্পের দায়িত্ব, অন্যদিকে মাসের পর মাস বেতনহীন জীবন।
চরম আর্থিক সংকটের মধ্যেও কাজ চালিয়ে যাওয়া DPMU, ISA ও WEBEL কর্মীদের দুর্দশা এবার মুখ্যমন্ত্রীর দরবারে।
Bengal Engineers Management and Social Welfare Association-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়ে জমা দেওয়া হয়েছে বিস্তারিত স্মারকলিপি।
সংগঠনের সভাপতি হিটলার চৌধুরীর নেতৃত্বে জমা দেওয়া এই স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, বহু কর্মী দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাঁদের বেতন নিয়মিত মিলছে না।
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, DPMU-র প্রায় ১৮০ জন কর্মীর পাঁচ মাসেরও বেশি সময় ধরে বেতন বকেয়া। WEBEL-এর অধীনে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদেরও এক মাসের বেতন আটকে রয়েছে।
অন্যদিকে ISA কর্মীদের সাত মাস পর্যন্ত বেতন না পাওয়ার অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে বহু কর্মীর পরিবার কার্যত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বাড়িভাড়া থেকে নিত্যপ্রয়োজনীয় খরচ – সবকিছু সামলাতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন তাঁরা।
অনেকেই ঋণ নিয়ে সংসার চালাতে বাধ্য হচ্ছেন বলে জানা গিয়েছে।
তবে আর্থিক দুরবস্থার মধ্যেও সরকারি পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই কারণেই কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করে চলেছেন।
সংগঠনের দাবি, স্বাস্থ্য, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প এই কর্মীদের উপর নির্ভরশীল। ফলে তাঁদের কাজ বন্ধ হয়ে গেলে প্রশাসনিক পরিষেবাতেও প্রভাব পড়তে পারে।
স্মারকলিপিতে শুধুমাত্র বকেয়া বেতন মেটানোর দাবিই নয়, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা কর্মীদের চাকরি নিয়মিতকরণের দাবিও তোলা হয়েছে।
সভাপতি আরো জানান, বহু দক্ষ ও অভিজ্ঞ কর্মী বছরের পর বছর সরকারি পরিষেবায় যুক্ত থাকলেও এখনও স্থায়ী স্বীকৃতি পাননি।
সংগঠনের সভাপতি হিটলার চৌধুরী বলেন, “আমরা সরকারের বিরুদ্ধে নই। আমরা শুধু চাই আমাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সম্মান।
দীর্ঘদিন ধরে পরিষেবা দেওয়ার পরও যদি কর্মীরা বেতন না পান, তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
বর্তমানে মুখ্যমন্ত্রীর দপ্তরের উত্তরের অপেক্ষায় রয়েছেন কর্মীরা। তাঁদের আশা, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত সমাধানের পথে এগোবে রাজ্য সরকার।
এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলো দেবব্রত চাকী, আদর্শ মঙ্গর, রঞ্জিত ঘরামী, সন্তু মাঝি ও কিশোর ঘোষ।













































