বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ, স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে!

মালদা: বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার বৌদিকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের বগলাটলি এলাকায়। মৃতার নাম শিলা বিবি (২৫)। পরিবার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ইংলিশবাজারের সাতটারি এলাকার বাসিন্দা ও পেশায় পরিযায়ী শ্রমিক মোজাম্মিল মোমিনের সঙ্গে শিলার বিয়ে হয়। তাঁদের দুই নাবালক পুত্র সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর প্রথম দিকে সংসার ভালোভাবে চললেও পরবর্তীতে মোজাম্মিলের সঙ্গে তাঁর বৌদির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ককে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় বলে অভিযোগ।

বাড়িতেই শিলাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনায় ইংলিশবাজার থানার পুলিশ মোজাম্মিল মোমিন ও তাঁর বৌদিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতা শিলা বিবির পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here