জিরো পয়েন্টে রাখির বন্ধন, চ্যাংড়াবান্ধা সীমান্তে সম্প্রীতির বার্তা!

কোচবিহার: রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের অনন্য ছবি দেখা গেল কোচবিহারের চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে। শুক্রবার সীমান্তের জিরো পয়েন্টের সামনে বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে পালিত হয় রাখি বন্ধন উৎসব।

এদিন বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা একে অপরের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

শুধু সীমান্তরক্ষী ও পুলিশকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই উৎসব। দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সীমান্তে উপস্থিত বাংলাদেশি নাগরিকদের হাতেও রাখি পরিয়ে দেন পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীরা। রাখি পেয়ে খুশিতে মেতে ওঠেন বাংলাদেশি নাগরিকরাও।

কড়া নিরাপত্তার আবহে আন্তর্জাতিক সীমান্তে এই রাখি বন্ধন উৎসব যেন কিছুক্ষণের জন্য তৈরি করে দেয় সৌহার্দ্যের এক আবহ। সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে মানবিকতার বন্ধন ও পারস্পরিক সম্প্রীতির বার্তাই উঠে আসে এই অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here