‘২১ বছরের একনায়কতন্ত্রের অবসান চাই’ -শিলিগুড়ি টেবিল টেনিসে স্বচ্ছতা ও গণতন্ত্রের দাবিতে সরব খেলোয়াড়-কোচরা!
শিলিগিড়ি: শিলিগুড়ি জেলা টেবিল টেনিস প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে সাংবাদিক বৈঠক করলেন খেলোয়াড়, কোচ ও ক্রীড়াপ্রেমীদের একাংশ।
তাঁদের বক্তব্য, এই আন্দোলন কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং শিলিগুড়ির টেবিল টেনিসের ভবিষ্যৎ ও খেলোয়াড়দের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ।
সাংবাদিক বৈঠকে অভিযোগ করা হয়, বৃহত্তর শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থায় গত প্রায় ২১ বছর ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
এত দীর্ঘ সময় ধরে একই নেতৃত্বে সংস্থা পরিচালিত হওয়ায় প্রশাসনিক স্বচ্ছতা ও গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন উঠছে বলে দাবি করেন বক্তারা।
তাঁদের আরও অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া, ভোটার তালিকা, সদস্যপদ ও ক্লাবগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত স্বচ্ছতা নেই।
পাশাপাশি বহু বছর ধরে বার্ষিক সাধারণ সভার নোটিস, সেক্রেটারির রিপোর্ট, অডিট রিপোর্ট সহ আর্থিক হিসাব সদস্যদের সামনে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়।
বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ফি গ্রহণের ক্ষেত্রেও যথাযথ রসিদ ও আর্থিক নথি দেওয়া হয় না বলেও অভিযোগ তোলা হয়।
খেলোয়াড়দের স্বার্থের বিষয়েও একাধিক দাবি তুলে ধরা হয়।
জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাপ্য আর্থিক সহায়তা ও সুযোগ-সুবিধা সময়মতো প্রদান, উত্তরবঙ্গের খেলোয়াড়দের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা সহ অভিজ্ঞ কোচ ও প্রাক্তন খেলোয়াড়দের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করার দাবি জানান উপস্থিতরা।
এদিন সাংবাদিক বৈঠক থেকে ছয় দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে রয়েছে- প্রশাসনে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ, খেলোয়াড়দের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদান, ক্লাব ও কোচদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞ ক্রীড়াবিদদের যথাযথ গুরুত্ব দেওয়া ও শিলিগুড়ির টেবিল টেনিসের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।
তবে, সাংবাদিক বৈঠকে উত্থাপিত এই অভিযোগগুলির বিষয়ে বৃহত্তর শিলিগুড়ি জেলা টেবিল টেনিস সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।















































