বংশীহারি: মঙ্গলবার সাতসকালে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার কুসকারী এলাকায় এক কৃষকের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপস্থিতিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ মিজানুর রহমানের বাড়িতে পৌঁছয় এনআইএর চার সদস্যের একটি দল।
এরপর বেশ কিছুক্ষণ ধরে বাড়িতে তল্লাশি চালানো হয়।
তবে তল্লাশিতে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
স্থানীয়দের দাবি, মিজানুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাঁর ছেলে উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকতেন বলে জানা গিয়েছে। পাশাপাশি তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।
তবে ঠিক কী কারণে মিজানুর রহমানের বাড়িতে এনআইএর এই তল্লাশি, তা এখনও স্পষ্ট নয়।
তদন্তকারী সংস্থার তরফেও এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
সাতসকালে কুসকারী এলাকায় এনআইএর দল পৌঁছনোর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়।















































