শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা ছড়াল। নবাগত পড়ুয়াদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক তৈরি করা নিয়ে ABVP ও AIDSO-র ছাত্রছাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। ঘটনায় দুই ডাক্তারি ছাত্রী ও এক ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ।
AIDSO-র অভিযোগ, হেল্প ডেস্ক করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় সহ মারধর করা হয়। পাশাপাশি মোবাইল ফোন, চশমা-সহ ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উত্তেজনা প্রশমিত করা হয়। ACP West অনির্বাণ মজুমদার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ABVP-র পাল্টা দাবি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হেল্প ডেস্ক করা হয়েছিল। তাঁদের অভিযোগ, ওই ডেস্কের মাধ্যমে নবাগত পড়ুয়াদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয় বলে দাবি ABVP-র। ঘটনায় দুই পক্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেডিক্যাল কলেজ চত্বরে।















































