কালিম্পং: বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে এক আফগান নাগরিককে আটক করল কালিম্পং জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বছর বয়সি সৈয়দ বিলাল খানকে আটক করা হয়।
পুলিশের দাবি, সৈয়দ বিলাল খান আফগানিস্তানের কাবুলের বাসিন্দা।
তিনি বর্তমানে কালিম্পংয়ের চেস্ট ক্লিনিক সংলগ্ন হাটবাজার এলাকায় ভাড়া থাকছিলেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তাঁর আফগান নাগরিকত্বের বিষয়টি পুলিশের সামনে আসে।
এরপর ভারতে তাঁর বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁকে আদালতে পেশ করা হয়েছে।
ঘটনার পর কালিম্পং জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ির মালিকদের ভাড়াটে রাখার আগে সংশ্লিষ্ট থানায় Tenant Verification করানোর আবেদন জানানো হয়েছে।
পুলিশের তরফে সাধারণ মানুষকেও সতর্ক করা হয়েছে।
ভাড়াটের পরিচয়পত্র, ঠিকানা ও প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করার পরেই বাড়ি বা ঘর ভাড়া দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।















































