সেবক রোডে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ৭ মাস পরও বিচারের দাবি! আদালতের সামনে পরিবারের বিক্ষোভ!

শিলিগুড়ি: সেবক রোডে গভীর রাতে পথ দুর্ঘটনায় যুবক শংকর ছেত্রীর মৃত্যুর প্রায় ৬ থেকে ৭ মাস পরও ন্যায়বিচার মেলেনি বলে অভিযোগ পরিবারের। দ্রুত বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিতে বৃহস্পতিবার আদালতের সামনে বিক্ষোভে সামিল হলেন শংকরের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও পরিচিতরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে রাতে শিলিগুড়ির সেবক রোডে ভক্তিনগর থেকে পানিট্যাঙ্কির দিকে হেঁটে যাচ্ছিলেন শংকর ছেত্রী ও কাজল রায়।

অভিযোগ, সেই সময় একটি দ্রুতগতির সাদা গাড়ি তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনেই প্রায় ২০ থেকে ৩০ ফুট দূরে ছিটকে পড়েন।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শংকর ছেত্রীকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন কাজল রায়। মৃত শংকরের বাড়ি খড়িবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর গাড়ি ও চালকের সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের দাবি, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে CCTV ফুটেজ, গাড়ির নম্বর ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ ও তাকে গ্রেফতার করা হয়।

তবে পরিবারের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরও প্রায় ৬ থেকে ৭ মাস কেটে গেলেও এখনও তাঁরা ন্যায়বিচার পাননি।

তাঁদের প্রশ্ন, দুর্ঘটনার CCTV ফুটেজ-সহ একাধিক তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও বিচারপ্রক্রিয়ায় এতটা সময় লাগছে কেন?

এই অভিযোগ ও দ্রুত বিচারের দাবিতেই বৃহস্পতিবার আদালতের সামনে বিক্ষোভ দেখান শংকর ছেত্রীর পরিবারের সদস্য ও পরিচিতরা। তাঁদের দাবি, দুর্ঘটনার প্রকৃত ঘটনা দ্রুত সামনে আনতে হবে ও অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে শংকরের পরিবারকে ন্যায়বিচার দিতে হবে।

এদিন দুর্ঘটনার রাতে শংকরের সঙ্গে থাকা কাজল রায়ও পরিবারের সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল হন। দীর্ঘ সময় ধরে বিচার না মেলায় ক্ষোভ প্রকাশ করেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here