শিলিগুড়ি: শহরের স্বনামধন্য রেস্তোরাঁগুলিতে খাবারের গুণমান ও নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকদের অভিযানে শহরের দুই পরিচিত রেস্তোরাঁয় একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে।
অভিযানের সময় একটি রেস্তোরাঁ থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি পনিরে ফাঙ্গাস থাকার অভিযোগও ওঠে। অভিযানের সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিতরে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
পরে আধিকারিকরা রেস্তোরাঁর ভিতরে গিয়ে বিভিন্ন খাদ্যসামগ্রী পরীক্ষা করেন।
সূত্রের খবর, অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করা হয়নি। এমনকি ফায়ার সেফটি সংক্রান্ত প্রয়োজনীয় নথিও দেখাতে পারেনি কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে।
অন্যদিকে, শহরের অপর একটি স্বনামধন্য রেস্তোরাঁয় অভিযানে একটি ফ্রিজ থেকে ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ দই উদ্ধার করা হয়। পাশাপাশি পিজ্জা বেসের গুণমান নিয়েও সন্দেহ তৈরি হয়। তবে তাতে ফাঙ্গাস রয়েছে কি না, তা খালি চোখে নিশ্চিতভাবে বোঝা সম্ভব না হওয়ায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযানে পাওয়া তথ্য ও অনিয়মের অভিযোগগুলি নিয়ে বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
শহরের পরিচিত ও স্বনামধন্য রেস্তোরাঁগুলিতেই যদি মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বা খাবারের গুণমান নিয়ে এমন অভিযোগ ওঠে, তাহলে সাধারণ গ্রাহকদের খাবারের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হচ্ছে। শহরে খাদ্য সুরক্ষা নিয়ে ধারাবাহিক অভিযান আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।















































