দার্জিলিং: সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও নজির গড়ল সশস্ত্র সীমা বল (এসএসবি)।
মঙ্গলবার রাতে ভারত – নেপাল সীমান্তের ভাটগাঁও বর্ডার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথম সাড়া দেয় ৪১ নম্বর ব্যাটালিয়নের এসএসবি জওয়ানরা।
তাদের দ্রুত পদক্ষেপ ও সাহসী ভূমিকার জেরে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়।
জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ বাজার এলাকায় আগুন লাগার খবর পেয়েই ভাটগাঁও কোম্পানি ক্যাম্প থেকে জওয়ানরা অগ্নিনির্বাপক যন্ত্র, বালি ও জল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান।
দমকল পৌঁছানোর আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, একটি মুরগির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।
দোকানে মজুত পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আগুনে অন্তত ছয় থেকে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে নেপালের ভদ্রপুর পৌরসভার দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে বিহারের কিশনগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ এলাকা থেকেও একটি দমকল ইঞ্জিন এসে উদ্ধারকাজে যোগ দেয়।
সীমান্তের দুই দেশের জরুরি পরিষেবা ও এসএসবির সমন্বিত প্রচেষ্টায় প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের খবর না থাকলেও বাজারের একাধিক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে।
তবে স্থানীয়দের মতে, এসএসবির জওয়ানরা সময়মতো ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারত।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় এসএসবির এই ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।















































