হাতবদল গ্রাম পঞ্চায়েত! কড়া নিরাপত্তায় মাগুরমারী-১ নম্বর পঞ্চায়েতে বিজেপির নতুন বোর্ড!

ধূপগুড়ি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার তার প্রভাব পড়তে শুরু করেছে তৃণমূল পরিচালিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও। সেই ধারাবাহিকতায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে হাতবদল হয়ে বিজেপির দখলে গেল ধূপগুড়ি ব্লকের মাগুরমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েত। একাধিক তৃণমূল প্রধান ও উপপ্রধানের ইস্তফার পর বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে নতুন বোর্ড গঠন করা হয়।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, নতুন বোর্ডে ১৫/১১৫ নম্বর বুথের সদস্য দীপালী রায় প্রধান ও ১৫/১১২ নম্বর বুথের সদস্য হরকান্ত রায় উপপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে।

বোর্ড গঠনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই পঞ্চায়েত চত্বর ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ধূপগুড়ি থানার পুলিশ।

পঞ্চায়েত কার্যালয়ের আশপাশে কড়া নিরাপত্তার পাশাপাশি নজরদারিও চালানো হয়।

নতুন বোর্ড গঠনের খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত কার্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। প্রধান ও উপপ্রধান বাইরে বেরিয়ে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের কর্মীরা। তাঁদের হাতে পদ্মফুল তুলে দেওয়া হয় ও গলায় পরানো হয় গাঁদা ফুলের মালা।

এরপর বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে এলাকায় বিজয় শোভাযাত্রা বের করা হয়।

বাংলা ব্যান্ডের তালে তালে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েতে রাজনৈতিক পরিবর্তনের ফলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসবে ও দীর্ঘদিন ধরে থমকে থাকা উন্নয়নমূলক কাজ নতুন গতি পাবে।

তবে পঞ্চায়েতের এই ক্ষমতা বদলকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও তৈরি হয়েছে। আগামী দিনে নতুন বোর্ড কীভাবে পঞ্চায়েত পরিচালনা করে ও উন্নয়নমূলক কাজ কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here