গ্যাংটক: পর্যটন শিল্পের বিকাশে প্রতিযোগিতার পরিবর্তে পারস্পরিক সহযোগিতার উপর জোর দিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
শনিবার গ্যাংটকের রিজ পার্কে আয়োজিত প্রথম ‘সিকিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (STTF) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পূর্ব হিমালয় অঞ্চলের পর্যটনকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে আরও নিবিড় সমন্বয়ের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের আগে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রথমবারের মতো আয়োজিত এই পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ, বিহার, অরুণাচল প্রদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, পর্যটন ও অসামরিক বিমান পরিবহণমন্ত্রী শেরিং থেনডুপ ভুটিয়া-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গ ও সিকিমের ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন।
তিস্তা উপত্যকা থেকে পূর্ব হিমালয়ের ঐতিহ্য – দুই রাজ্যের মধ্যে পর্যটনের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
সিকিমের পর্যটকদের জন্য দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সুন্দরবন, পুরুলিয়া ও জঙ্গলমহলের মতো পর্যটনকেন্দ্রগুলিকে বিশেষভাবে তুলে ধরেন।
পাশাপাশি বাংলার ৯টি শক্তিপীঠ, ১০৮টি ধর্মীয় পর্যটন সার্কিট, গঙ্গাসাগর, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালিঘাট সহ বৌদ্ধ পর্যটনকেন্দ্রগুলির কথাও উল্লেখ করেন তিনি।
পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে দুই রাজ্যের মধ্যে পরিবহণ ব্যবস্থার উন্নতির বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী।
তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আন্তঃরাজ্য পরিবহণ চুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পারমিটের সংখ্যা বাড়িয়ে ৬ হাজার করা হয়েছে। শিলিগুড়ি থেকে ফিরতি যাত্রী তোলার সুযোগ সহ রংপো-মেল্লি রুটে কাউন্টারসিগনেচারের বাধা দূর হওয়ায় পর্যটন যোগাযোগ আরও সহজ হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, পেলিং, ওল্ড সিল্ক রুটের পাশাপাশি নেপাল ও ভুটানকে যুক্ত করে যৌথ পর্যটন সার্কিট গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি।
শঙ্কর ঘোষ জানান, পশ্চিমবঙ্গের জিএসডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। অন্যদিকে সিকিমের অর্থনীতিতেও পর্যটন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই রাজ্যের যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে ও স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
এদিনের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ২০২৭ সালের ‘ডেস্টিনেশন ইস্ট’-এ সিকিমকে পার্টনার স্টেট হিসেবে আমন্ত্রণ। আগামী ১২ ও ১৩ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই পর্যটন মেলার ১১তম সংস্করণ।
সেখানে সিকিম সরকার, পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর ও হসপিটালিটি শিল্পের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের অংশগ্রহণের আহ্বান জানান রাজ্যের পর্যটনমন্ত্রী।
মন্ত্রী জানান, এই পর্যটন মেলায় ৫০টিরও বেশি আন্তর্জাতিক ট্যুর অপারেটর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ক্রেতা অংশ নেবেন।
পাশাপাশি ২০২৭ সালের মার্চ মাসে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সবশেষে সিকিমের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, আয়োজক ও উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান শঙ্কর ঘোষ। দুই রাজ্যের পর্যটন সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়ে তিনি পশ্চিমবঙ্গে পর্যটকদের আমন্ত্রণ জানান।














































