রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে প্রতি রবিবার বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষার সুবিধা পাচ্ছেন অসহায় মানুষ!

রাজগঞ্জ: সমাজসেবার লক্ষ্যে সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে প্রতি রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে।

এই শিবিরে এলাকার দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও বিভিন্ন ধরনের চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষার সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ জানান, সেবাই তাঁদের মূল লক্ষ্য।

তিনি বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। প্রতি রবিবার দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এছাড়াও শনিবার থেকে শুক্রবার পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধ বিতরণ করা হয়, যাতে এলাকার মানুষ সুস্থ থাকতে পারেন।”

তিনি আরও জানান, সাধারণ চিকিৎসকের পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ও প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে রোগীরা এক জায়গাতেই প্রয়োজনীয় পরিষেবা পান।

স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদানকারী চিকিৎসক ডা. শীর্ষেন্দু পাল বলেন, বর্তমানে সুগার, উচ্চ রক্তচাপ সহ জীবনযাত্রাজনিত রোগের প্রকোপ বাড়ছে।

তাই তিনি নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা, ফল ও শাকসবজি বেশি করে খাওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, “আমার লক্ষ্য সাধারণ মানুষের কাছে সঠিক চিকিৎসা পৌঁছে দেওয়া।

তাই বিভিন্ন জায়গায় এই ধরনের স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি।”

সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এই মানবিক উদ্যোগে প্রতি সপ্তাহেই উপকৃত হচ্ছেন এলাকার বহু মানুষ।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here