কাঠমান্ডু: বিধ্বংসী আকস্মিক বন্যার ৯ দিন পর নেপালে ঘটল চমকপ্রদ উদ্ধার। টানা ২১৬ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপে আটকে থাকার পর ত্রিশূলী-৩এ (Trishuli-3A) জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হল দুই ব্যক্তিকে।
উদ্ধার হওয়া দু’জন হলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ ও সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জন।
জানা গিয়েছে, বুধবার সকালে সুড়ঙ্গের ভেতর থেকে হঠাৎ মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা। এরপরই নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানে নামেন।
কাদা, পাথর ও ধ্বংসস্তূপ সরিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর সুড়ঙ্গের ভিতর থেকে দু’জনকে জীবিত অবস্থায় বের করে আনেন উদ্ধারকারীরা।
তাঁদের উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে প্রশাসন ও পরিবারের সদস্যদের মধ্যে।
বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, সুড়ঙ্গের ভেতরে সীমিত পরিমাণে অক্সিজেন ও জলের উপস্থিতিই তাঁদের এতদিন বেঁচে থাকতে সাহায্য করেছে। ভয়াবহ বন্যার পর এতদিন ধরে নিখোঁজ থাকা দু’জনের জীবিত উদ্ধারের ঘটনা ইতিমধ্যেই নেপালে চাঞ্চল্য তৈরি করেছে।
এই উদ্ধারের পর সুড়ঙ্গে এখনও আটকে বা নিখোঁজ থাকা অন্য শ্রমিকদেরও জীবিত উদ্ধারের আশা আরও বেড়েছে।
তাঁদের সন্ধানে বর্তমানে নেপালি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জোরকদমে উদ্ধার অভিযান চালাচ্ছেন।















































