ফারাক্কার ধসের জের, বাতিল একাধিক ট্রেন – এনজেপিতে চরম দুর্ভোগ, সাড়ে ১০ ঘণ্টা লেটে শতাব্দী!

শিলিগুড়ি: নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ভূমিধসের জেরে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার রেল যোগাযোগে ফের বড়সড় প্রভাব পড়ল।

রেললাইন মেরামতের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় শুক্রবারও একাধিক ট্রেন বাতিল ও বহু ট্রেন দেরিতে চলাচল করছে। ফলে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে চরম হয়রানির মুখে পড়েছেন যাত্রীরা।

আচমকা এনজেপি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস বাতিল হওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। শুধু তাই নয়, হাওড়া থেকে এনজেপিগামী শতাব্দী এক্সপ্রেসও প্রায় সাড়ে ১০ ঘণ্টা বিলম্বে চলছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলায় দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায় বহু যাত্রীকে।

বাতিল ট্রেনের যাত্রীদের একাংশকে বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত খরচ ও সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

অন্যদিকে, রেলপথে ট্রেন বাতিল ও বিলম্বের প্রভাব পড়েছে সড়ক পরিবহণেও।

শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) বাসেও বাড়ছে যাত্রীচাপ।

টার্মিনাস থেকে NBSTC-র বর্তমানে মোট পাঁচটি বাস চলাচল করছে বলে জানা গিয়েছে। কিন্তু আপাতত ওই পাঁচটি বাসের কোনওটিতেই টিকিট নেই।

তবে যাত্রীদের জন্য কিছুটা আশার কথা জানিয়েছে NBSTC কর্তৃপক্ষ। সংস্থার সূত্রে খবর, টিকিটের চাহিদা আরও বাড়লে অতিরিক্ত বাস চালানোর জন্য প্রস্তুত রয়েছে কর্তৃপক্ষ। ফলে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় সড়কপথে অতিরিক্ত পরিষেবা চালিয়ে যাত্রীদের চাপ সামাল দেওয়ার চেষ্টা করা হতে পারে।

এদিকে, মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ভূমিধসের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মেরামতির কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেললাইন স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছেন। সারারাত ধরে কাজ করার পর শুক্রবার সকাল থেকেও আরও তৎপরতার সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।

রেললাইনের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ফারাক্কার ধসের কারণে গতকালের মতো আজও রেল পরিষেবায় বিঘ্ন অব্যাহত থাকবে, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগে এই পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হয়, এখন সেদিকেই তাকিয়ে যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here