শিলিগুড়ি: শপথ গ্রহণের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশাসনিক সূত্রে খবর, আগামী বুধবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সোজা উত্তরকন্যায় যাবেন তিনি।
সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এই বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
পাশাপাশি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে রিপোর্টও নেবেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক মহলের মতে, নতুন সরকার গঠনের পর উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতেই এই সফর।
উত্তরকন্যায় বৈঠকের পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের বাস্তব পরিস্থিতিও খতিয়ে দেখতে পারেন তিনি।
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর আপাতত একদিনের হলেও, সফরসূচিতে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন হতে পারে।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বাগডোগরা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায়।













































