‘উন্নত ভারত, উন্নত পশ্চিমবঙ্গ’ এক্সপো, নজর কাড়ল স্থানীয় উদ্যোগ!

মালদা: উন্নয়নমূলক প্রকল্প, কৃষি, শিল্প ও স্থানীয় উৎপাদিত সামগ্রীর সম্ভাবনাকে সামনে রেখে মালদায় শুরু হল প্রথম ‘উন্নত ভারত, উন্নত পশ্চিমবঙ্গ’ এক্সপো মেলা।

শুক্রবার পুরাতন মালদার সাহাপুর হাই স্কুল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, জেলা প্রশাসনের একাধিক আধিকারিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি কৃষি, শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রী তুলে ধরা হচ্ছে।

সাধারণ মানুষের সামনে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা ও সরকারি প্রকল্প ও স্থানীয় উদ্যোগ সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রথমবারের এই এক্সপোকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে।

শুক্রবার মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়। স্থানীয় উৎপাদক ও উদ্যোগপতিদের জন্যও এই মেলা নিজেদের কাজ ও পণ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here