বন্যা পরিস্থিতির অবনতি, জল বাড়ার আশঙ্কায় খাদ্য মজুদে ব্যস্ত বাসিন্দারা!

ঘাটাল: টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে ফের ঘাটালজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ডের পাশাপাশি প্লাবিত হয়েছে সংলগ্ন বিস্তীর্ণ গ্রামীণ এলাকাও।

সময় যত গড়াচ্ছে, ততই নতুন নতুন এলাকা জলমগ্ন হচ্ছে ও বাড়ছে জলের স্তর। শহরের প্রধান রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি বেশিরভাগই এখন জলের তলায়। এর জেরে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ছোট ডিঙি ও নৌকাই এখন বহু মানুষের যাতায়াতের প্রধান ভরসা।

আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ও জলস্তর আরও বাড়তে পারে এই আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাই জল আরও বাড়ার আগেই বাড়িতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শাকসবজি মজুদ করতে শুরু করেছেন তাঁরা। স্থানীয় বাজারগুলিতে ভিড় করে প্রায় এক সপ্তাহ থেকে দশ দিনের মতো শুকনো খাবার ও প্রয়োজনীয় রসদ কিনে রাখছেন সাধারণ মানুষ।

এলাকাবাসীর বক্তব্য, একবার পুরোপুরি জলবন্দি হয়ে পড়লে কিংবা টানা বৃষ্টি চলতে থাকলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি বা নৌকায় চড়ে বাজারে যাওয়া সম্ভব হবে না। তাই আগাম প্রস্তুতি হিসেবেই খাদ্যসামগ্রী মজুদ করে রাখছেন তাঁরা।

বন্যার জল আরও বাড়লে কী পরিস্থিতি তৈরি হবে, সেই আশঙ্কায় এখন থেকেই উদ্বেগে দিন কাটছে ঘাটালের দুর্গত বাসিন্দাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here