কলকাতা: ফারাক্কার কাছে রেললাইনের নিচে ধসের জেরে শনিবারও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। পরিস্থিতির জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল।
ফলে কলকাতা ও দক্ষিণবঙ্গমুখী যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ফারাক্কা স্টেশনের কাছে রেললাইনের নিচে ধস নামার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। কিন্তু একই এলাকায় বারবার ধসের কারণে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। এর জেরে শুক্রবারও একাধিক ট্রেন চলাচল বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়। শনিবারও উত্তরবঙ্গ থেকে হাওড়া ও শিয়ালদহমুখী বেশ কয়েকটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বাতিল ট্রেনগুলির তালিকায় গুয়াহাটি -হাওড়া সরাইঘাট এক্সপ্রেস,
বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আলিপুরদুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হলদিবাড়ি – শিয়ালদহ দার্জিলিং মেল,
বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস,
জলপাইগুড়ি রোড – শিয়ালদহ হমসফর এক্সপ্রেস, রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস, যোগবানি – কলকাতা এক্সপ্রেস, কাটিহার – হাওড়া এক্সপ্রেস, রাধিকাপুর – হাওড়া কুলিক এক্সপ্রেস, বালুরঘাট – কলকাতা তেভাগা এক্সপ্রেস,
নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস, মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, নাহারলাগুন – সাঁতরাগাছি স্পেশাল ট্রেন
এদিকে, শনিবার হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী আপ ট্রেনগুলি নির্ধারিত সময়ে ছাড়বে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা মেলেনি। ফলে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফারাক্কার রেলপথে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে শনিবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।















































