৮০-৮৫ জন মহিলার উদ্যোগে পুজোর আয়োজন, বাজেট প্রায় দেড় লক্ষ টাকা
নদিয়া: দীর্ঘদিন ধরে পাড়ায় দুর্গাপুজো হয়নি। পুজোর সময় অঞ্জলি দিতে যেতে হতো পাশের পাড়ায়।
সেই আক্ষেপ মুছে এবার নিজেরাই দুর্গাপুজোর আয়োজনের উদ্যোগ নিলেন এলাকার মহিলারা।
নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় প্রায় ৮০-৮৫ জন মহিলার উদ্যোগে এবার প্রথমবার দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে।
বাগদিয়া মা মনসা সংঘের নারীশক্তির পরিচালনায় এই পুজোর আয়োজন করা হচ্ছে।
উদ্যোক্তাদের দাবি, আগে লক্ষ্মীর ভাণ্ডার থেকে মাসে দেড় হাজার টাকা করে পাওয়া যেত। রাজ্যে পালাবদলের পর অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে পাওয়ার পর সেই অর্থ থেকেই পুজোর খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
পুজোর আনুমানিক বাজেট প্রায় দেড় লক্ষ টাকা।
উদ্যোক্তারা জানান, বাগদিয়ায় দীর্ঘদিন ধরেই বড় আকারে মনসা পুজোর আয়োজন হয়ে আসছে। ফলে আলাদা করে দুর্গাপুজোর জন্য অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি।
তাই এবার এলাকার মহিলারাই নিজেদের উদ্যোগে দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন।
আগামী দিনেও ধারাবাহিকভাবে এই পুজো চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁদের।
মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।
তাঁর কথায়, এই উদ্যোগ নারীশক্তির জেগে ওঠার প্রমাণ। তাঁর দাবি, আগের সরকারের আমলে দুর্গাপুজো ও পুজোর অনুদানকে ঘিরে রাজনীতি হতো ও প্রশাসনিক চাপের কারণে অনেক ক্ষেত্রে মানুষ সম্মিলিতভাবে পুজো করার উদ্যোগ নিতে পারতেন না।
বর্তমান সরকারের আমলে মানুষ ভয় কাটিয়ে উৎসাহ নিয়ে দুর্গাপুজোর আয়োজন করছেন বলেও দাবি করেন তিনি।
উদ্যোক্তাদের পাশে সরকার নিয়ম অনুযায়ী সহযোগিতা করবে বলেও জানান সাংসদ জগন্নাথ সরকার।















































