শান্তিপুর: ছেলের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন মা।
নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা পপি বিশ্বাস ও তাঁর ছেলে স্বর্ণক বিশ্বাস এবার থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়া প্যাসিফিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর থাইল্যান্ডে চলবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। আগামী ৮ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নেবেন মা ও ছেলে। ইতিমধ্যেই তাঁরা থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই স্বর্ণককে যোগাসন শেখাতে নিয়ে যেতেন তাঁর মা পপি। ছেলের যোগাসনের প্রতি আগ্রহ, অনুশীলন ও সাফল্য দেখে ধীরে ধীরে পপির মধ্যেও যোগাসন শেখার আগ্রহ তৈরি হয়। আগে থেকেই শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে ছেলের অনুপ্রেরণায় নিয়মিত যোগাসন অনুশীলন শুরু করেন তিনি।
এরপর জেলা ও রাজ্যস্তরের একাধিক প্রতিযোগিতায় মা-ছেলে দুজনেই সাফল্য পান এবং পুরস্কৃত হন। সেই ধারাবাহিক সাফল্যের পর এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে তাঁদের সামনে।
স্বর্ণক বিশ্বাস শান্তিপুরের একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এত অল্প বয়সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার।
একইসঙ্গে ছেলের অনুপ্রেরণায় মায়েরও আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে যাওয়ার ঘটনা এলাকায় তৈরি করেছে বিশেষ আগ্রহ।
মা ও ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার-পরিজন থেকে শুরু করে গোবিন্দপুর এলাকার বাসিন্দারাও।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে তাঁরা সাফল্য নিয়ে ফিরবেন এই আশায় এখন তাকিয়ে গোটা শান্তিপুর।















































