আলিপুরদুয়ার: বর্ষাকাল শুরু হতেই মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেল উত্তরবঙ্গের জঙ্গলগুলির দরজা।
বন দপ্তরের নির্দেশ অনুযায়ী ১৬ জুন থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।
প্রতি বছরের মতো এবারও বর্ষার মরশুমে বন্যপ্রাণীদের প্রজনন, স্বাভাবিক বিচরণ ও বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে জঙ্গল সাফারি, পর্যটনমূলক ভ্রমণ ও বনাঞ্চলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জঙ্গল বন্ধের খবর প্রকাশ্যে আসতেই পর্যটকদের মধ্যে হতাশার সুর শোনা গেছে।
অনেকেই আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বন দপ্তরের এই নির্দেশের ফলে তাঁদের এখন অপেক্ষা করতে হবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষাকাল বন্যপ্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
প্রাণীদের নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রতি বছরই এই নিয়ম মেনে জঙ্গল বন্ধ রাখা হয়।
তবে আশার খবর, বর্ষা শেষে আবারও খুলে যাবে জঙ্গলের দরজা।
তখন পর্যটকরা নতুন রূপে সেজে ওঠা অরণ্যের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।















































